বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যার পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি সহপাঠীর
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহমেদ রেজাকে (২০) হত্যা করে স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তাঁরই এক সহপাঠী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁদ পেতে কলাবাগান থেকে ওই সহপাঠী মাসুদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হওয়া অন্যজন মাসুদ রানার বন্ধু লিংকন সরকার। তাঁদের তথ্যের ভিত্তিতে পূর্ব রাজাবাজারের একটি মেস থেকে দুই পা বাঁধা অবস্থায় রেজার লাশ উদ্ধার করা হয়। রেজা ধানমন্ডির নর্দার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত র্যাব-২-এর পরিচালক লে. কর্নেল এম এম আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, মাসুদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় পাওনা পাঁচ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলে বন্ধু রেজাকে গ্রিন রোডের মেস থেকে ৭২, পূর্ব রাজাবাজার-সংলগ্ন তাঁর মেসে নিয়ে যান মাসুদ। সেখানে দুই পা বেঁধে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন এবং পরে স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
গতকাল রাত ১০টার দিকে গিয়ে দেখা যায়, একতলা টিনশেড কক্ষের মেসের একটি চৌকির ওপর দুই পা বাঁধা অবস্থায় লাশটি পড়ে আছে।
রেজার মামা সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ১০টার মধ্যে মেসে না ফিরলে মাসুদ রানার মুঠোফোনে যোগাযোগ করতে বলেছিলেন রেজা। মঙ্গলবার রাত ১০টার দিকে ফোন দিলে দুজনের নম্বরই বন্ধ পাওয়া যায়। মাসুদ এরপরই রেজার মা-বাবার মুঠোফোনে ৫০ লাখ টাকা দাবি করেন। গত বুধবার তিনি কলাবাগান থানায় এ ঘটনায় মাসুদকে আসামি করে অপহরণের মামলা করেন এবং র্যাব-২কেও ঘটনাটি জানান।
র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানউদ্দিন খান বলেন, রেজার মা-বাবা মুক্তিপণের টাকা দিতে রাজি হচ্ছিলেন না। পরে তাঁর বান্ধবী টাকা সংগ্রহ করে মাসুদের হাতে তুলে দিতে চান। গতকাল কয়েকবার টাকা নেওয়ার স্থান পরিবর্তন করেন মাসুদ। সন্ধ্যার দিকে টাকা নিয়ে লেক সার্কাস এলাকায় আসতে বলেন। র্যাব সদস্যরা ওঁত পেতে থাকেন। রেজার বান্ধবীর কাছ থেকে মুক্তিপণের টাকা নেওয়ার সময় মাসুদের বন্ধু লিংকনকে ধরে ফেলে র্যাব। এরপর তাঁর তথ্যের ভিত্তিতে রাস্তার উল্টো পাশ থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।
রায়হান জানান, গ্রেপ্তারের পর মাসুদ প্রথমে অপহরণের কথা অস্বীকার করেন। পরে জেরার মুখে তিনি বলেন, পাওনা টাকা ফেরত ও ফুর্তি করার কথা বলে রেজাকে তাঁর মেসে ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে খুন করা হয়। রেজার মা-বাবা কক্সবাজার শহরে ঈদগাহের কাছে থাকেন। দুই ভাই তিন বোনের মধ্যে আহমেদ রেজা বড় ছিলেন।