ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় গতকাল রোববার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সকালে চাঁপাইনবাবগঞ্জে এক শিশু এবং গত শনিবার রাতে নড়াইলে এক কিশোরসহ দুজন নিহত হয়।
এ নিয়ে গত ১৬৭ দিনে বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেছে ১ হাজার ৬৫৩ জনের। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ এবং নড়াইল প্রতিনিধির পাঠানো খবর:
ঢাকার রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় গতকাল সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন আশুলিয়ার মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র উজ্জ্বল হোসেন (২৪)। আহত অবস্থায় প্রথমে তাঁকে মিরপুরের সেলিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বলের বাড়ি রাজশাহীর পুঠিয়ায়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক পার হওয়ার সময় সকালে পণ্যবাহী ব্যাটারিচালিত অটো ভ্যান শিশু মো. ওয়াসিমকে (৭) চাপা দেয়। উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ধোপপুকুর লাহাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
নড়াইল-যশোর সড়কের ভাদুলীডাঙ্গা চৌরাস্তা এলাকায় শনিবার রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মাহামুদুল হাসান (১৪) ও শ্যামলী বিশ্বাস (৭৫)। শাওন নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের সোহেল ফেরদৌসের ছেলে। শ্যামলী নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামের বনমালী বিশ্বাসের স্ত্রী।
নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, শাওন মোটরসাইকেল চালিয়ে মুলিয়া থেকে নড়াইল যাচ্ছিলেন। পথে দুর্ঘটনাস্থলে শ্যামলী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তঁাদের মৃত ঘোষণা করেন।