নাটোরের বড়াইগ্রামে গত রোববার দিবাগত রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছে। দিনাজপুরের বিরামপুরে দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত দুইটা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচ যাত্রী নিহত এবং চালকসহ আরও ১৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ের আবদুর রাজ্জাকের ছেলে শাহাদত হোসেন ওরফে রানা (২২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেরবাড়ি গ্রামের আবদুর রশিদের ছেলে শামীম হোসেন (২৮) ও মহেষপুর গ্রামের তছির উদ্দিন (৩০)। এঁদের মধ্যে শাহাদত হোসেন বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল, নাটোর সদর হাসপাতাল এবং বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নাটোরের দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নাটোরের বনপাড়া মহাসড়ক থানা সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় ঢাকাগামী উত্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে বনপাড়ামুখী আলুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ভূতগাছা গ্রামের পাশে রোববার মাইক্রোবাসের চাপায় ফজলুল হক (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হন। তিনি টাঙ্গাইলের ভূঞাপুরের চরঘরুয়া গ্রামের বাসিন্দা।দিনাজপুর: বিরামপুর উপজেলা পরিষদের সামনে গতকাল দুপুর সাড়ে ১২টায় একটি ট্রাক্টর অপর একটি জিপকে ধাক্কা দেয়। এতে ওই জিপের আরোহী বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, পৌর চেয়ারম্যান মো. আক্কাস আলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মো. আ. হালিম আহত হন। আহত ব্যক্তিদের বিরামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।