বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ প্রাণ গেল ৭ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাটে গত সোমবার যাত্রীবাহী বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। ফরিদপুর, সাতক্ষীরার তালা ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। যশোরে ট্রাকের ধাক্কায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা সোহেল ফিলিং স্টেশনের সামনে সোমবার একটি বাস উল্টে যায়। এতে বাসটির সুপারভাইজার রবিউল ইসলাম (৩২), যাত্রী ও এশিয়ান ইউনিভার্সিটির ছাত্র সজীব (২৪) এবং অজ্ঞাতনামা এক পথচারী (৪০) নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন। ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহরের মুচিবাড়ি সেতুর কাছে সোমবার একটি বাস ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক শহরের ব্রাহ্মণকান্দা এলাকার মো. বাবু মিয়া (৩০) নিহত হন এবং অটোরিকশার আরও আট যাত্রী আহত হন। সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার নগরঘাটা এলাকায় সোমবার একটি শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী কলারোয়া উপজেলার জয়নগর গ্রামের নিরাপদ বিশ্বাস (৭০) নিহত হন। মাগুরা: মাগুরা-যশোর সড়কের সীতারামপুর ঢালে সোমবার একটি ট্রাক অপর একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মাগুরা শহরের মোল্লাপাড়ার সুমন মোল্লা (২৭) ও পিটিআইপাড়ার তপু (২৮) নিহত হন। তাঁরা শালিখা উপজেলার আড়পাড়া যাচ্ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী জুয়েল রানা (২৬) গুরুতর আহত হন। যশোর: যশোর-ঢাকা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার সাদীপুর গ্রামে সোমবার একটি বাস একটি জিপকে ধাক্কা দেয়। এতে জিপটি ছিটকে সড়কের পাশে পড়ে গেলে এর ভেতরে থাকা যশোর পুলিশ লাইনের পাঁচ সদস্য আহত হন। তাঁরা হচ্ছেন উপপরিদর্শক ওহিদুজ্জামান, কনস্টেবল কামরুজ্জামান, আমিরুল ইসলাম, শহিদুজ্জামান ও আবদুল জলিল।