দিনাজপুরের কাহারোলে যাত্রীবাহী বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন ও খানসামায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয়ছাত্র প্রাণ হারিয়েছেন। গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ছয়টি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাতজন।
এ নিয়ে গত ১৪১ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে ১ হাজার ২৮৪ জনের প্রাণ গেল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর ১৬ মাইল এলাকায় সোমবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে এর সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুরের কাহারোলের রামপুর গ্রামের বকুল (৫০), দহনডা গ্রামের বৈশাখ (৬০) ও শুভ (২২)। হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ছাড়া খানসামা উপজেলার সাঁওতালপাড়া মোড়ে সোমবার বিকেলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. আহসান হাবীব (২৩) নামে বেসরকারি দ্য পিপলস ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র নিহত হন। আহত হন আরও দুজন। আহসানসহ তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাত সোয়া ১১টায় আহসান মারা যান।
নীলফামারীর জলঢাকা পৌর এলাকার দুন্দিবাড়ি নামক স্থানে ডোমার-জলঢাকা সড়কে গতকাল দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন পঞ্চগড় শহরের রামের ডাঙ্গা মহল্লার আবদুল বারেকের ছেলে মুক্তার হোসেন (৪০) ও মসজিদ পাড়া মহল্লার কবির হোসেনের ছেলে আবদুল মালেক (৪২)।
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বামুনিয়া এলাকায় গতকাল দুপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অপর এক বাসের চাপায় নিহত হয়েছে শিশু দোদলা খাতুন (৯)। আহত হয়েছেন দোদলার নানা (অজ্ঞাতনামা) ও মা শিউলী বেগম।
এ ছাড়া মানিকগঞ্জের সাটুরিয়ার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার রাতে বাসচাপায় অজ্ঞাতনামা এক পথচারী, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে ইজিবাইকের চাপায় গতকাল দুপুরে শিশু মোস্তফা শেখ (৯), মেহেরপুরের গাংনীর তেরাইলে গতকাল সকালে শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় কাফিরুল ইসলাম (৪৫) নামের একজন ফার্নিচার ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল দুপুরে বাসচাপায় কল্পনা রানী সরকার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।