বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সাংবাদিকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী গত শুক্রবার ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় ডুমুরিয়ায় এক সাংবাদিক ও ফরিদপুরে এক শিশু নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী নারগীস সুলতানা গত শুক্রবার ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ শহরের বারোবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নারগীস পিরোজপুরগামী মেট্রোপলিটন নামের একটি বাসে করে যশোর যাচ্ছিলেন। যশোর উপশহরের গাবতলা এলাকার মো. সিরাজুল ইসলামের মেয়ে নারগীস সম্মানে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। ডুমুরিয়া (খুলনা) : খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্য-এর ডুমুরিয়া উপজেলার খর্নিয়া অঞ্চল প্রতিনিধি শেখ বাবুল হাসান (২৫) শুক্রবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার টিপনা শেখবাড়ি মোড়ে নসিমনের চাপায় গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে তিনটায় তিনি সেখানে মারা যান। ফরিদপুর: টেপাখোলা-গোয়ালন্দ সড়কে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের হাজারডাঙ্গি গ্রামের ফকন সেতুর ওপর শুক্রবার বিকেল পাঁচটার দিকে একটি বাস রত্না (৬) নামের এক শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়।