বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে পাঁচজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল গফ্ফার
আবদুল গফ্ফার

ঝিনাইদহে গতকাল সোমবার ভোরে খুন হয়েছেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার বিশ্বাস (৪২)। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা। এ ছাড়া, আজ মঙ্গলবার জেলায় আহ্বান করা হয়েছে আধা বেলা হরতাল।
একই দিন ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও ঝিনাইদহে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও কৃষি কর্মকর্তাসহ উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনের লাশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন আজাদ জানান, পরিবহন শ্রমিকনেতা আবদুল গফ্ফারকে গতকাল ভোর তিনটার দিকে শহরের আরাবপুর চাকলাপাড়া সেতুর কাছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবদুল গফ্ফার শহরের আল-হেরাপাড়ায় থাকতেন।
পরিবহনশ্রমিকদের ভাষ্য, ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে সংগঠনের দুই পক্ষে বিরোধ চলছিল। ২০১২ সালে আবদুল গফ্ফার পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়। নানা অভিযোগে বহিষ্কৃত হন ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাসও। তাঁদের বহিষ্কারে নেতৃত্বদানকারী পক্ষটি একটি অ্যাডহক কমিটি গঠন করে। তবে বহিষ্কৃত দুই নেতা পদ ফিরে পেতে জোটবদ্ধভাবে তৎপরতা চালাতে থাকেন। এ নিয়ে পক্ষ দুটি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। সর্বশেষ গত রোববার প্রশাসনের সহায়তায় সমঝোতার মাধ্যমে দায়িত্ব ফিরে পান এই দুজন। আর এর পরই এ হত্যাকাণ্ড ঘটল।
শ্রমিকেরা আরও জানান, রোববার রাত ১০টার দিকে আবদুল গফ্ফার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ছিলেন। সেখানে মুঠোফোনে কল পেয়ে আরাবপুরের চাকলাপাড়ায় যেতে চাইলে তাঁকে মোটরসাইকেলে করে গন্তব্যে নামিয়ে দিয়ে আসা হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
আজ হরতাল: শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জেলায় সর্বাত্মক হরতাল পালন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ: ঝিনাইদহের কালীগঞ্জের কলেজপাড়ায় নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় ব্যবসায়ী অরবিন্দু পালের মেয়ে। ওই ছাত্রীর নাম মাধবী পাল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন তিনি।
পরিবারের লোকজন জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ে মাধবীর ফিরে যাওয়ার কথা ছিল। রোববার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। সকালে ঘুম থেকে তাঁকে উঠতে না দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখা যায়, ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে তাঁর লাশ ঝুলছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরিবারের দাবি, ঢাকায় যাওয়ার টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
নবাবগঞ্জে স্বর্ণকারের লাশ: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা বাজারে বসন্ত জুয়েলার্স নামের এক গয়নার দোকান থেকে গতকাল কর্মচারী পলাশ হালদারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে দোকানে ঘুমিয়ে পড়েন স্বর্ণকার পলাশ হালদার। গতকাল ভোর সাড়ে ছয়টায় আরেক কর্মচারী পঙ্কজ হালদার দোকানে গিয়ে সেখানে পলাশের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পঙ্কজ জানান, দোকানের ভেতরে লকার থেকে ১০ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপার অলংকার খোয়া গেছে। রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অলংকার লুট করে থাকতে পারে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যাকাণ্ড কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মানিকগঞ্জে কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারজানা আলমের (২৮) ঝুলন্ত লাশ গতকাল সকালে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দৌলতপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দাম্পত্য কলহের জেরে ফারজানা আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও ফারজানার স্বজনেরা জানান, গ্রামের হজরত আলী ফারজানার শ্বশুর। স্বামী মাহবুব আলম ফরিদপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) উপসহকারী কৃষি কর্মকর্তা। বছর চারেক আগে ব্রাহ্মণবাড়িয়ার আহম্মেদপুর গ্রামের সামছুল আলমের মেয়ে ফারজানার সঙ্গে বিয়ে হয় মাহবুব আলমের। পেশাগত কারণে ফারজানা দৌলতপুরে শ্বশুরবাড়িতে ও মাহবুব ফরিদপুরে থাকতেন। বৃহস্পতিবার মাহবুব দৌলতপুরে এসে রোববার কর্মস্থলে ফিরে যান। রোববার রাতে একমাত্র শিশুসন্তান রাফিকে দাদার কাছে রেখে ফারজানা বাড়ির অন্য একটি কক্ষে ঘুমান। গতকাল সকালে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ পাওয়া যায় তাঁর।
দৌলতপুর থানার ওসি শওকত আলম বলেন, ফারজানার মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
গাজীপুরে যুবককে হত্যা: এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল এলাকার একটি পুকুর থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুবাইল হাড়িবাড়িটেক এলাকার সরকারবাড়ির জিয়াউল হকের পুকুরে সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে।
টাঙ্গাইলে গলাকাটা লাশ: টাঙ্গাইলের কালিহাতীর কুচুটি গ্রাম থেকে গতকাল সকালে আবদুর রশিদ কাজী (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আবদুর রশিদ গ্রামের আরব আলীর ছেলে।
কালিহাতী থানার ওসি মনির হোসেন জানান, রোববার রাতে আবদুর রশিদ বাড়ি থেকে বেরিয়ে তাঁর ধানখেতে সেচযন্ত্রের ঘরে ঘুমাতে যান। সকালে সেচঘরে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং নবাবগঞ্জ (ঢাকা), মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল প্রতিনিধি]