বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মরিয়ম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার (২৫) হত্যা মামলার দুই আসামিকে পুলিশ গতকাল বুধবার গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মরিয়মের শ্বশুর সিরাজ উদ্দিন (৬৫) ও শাশুড়ি সূর্যবান (৫৫)।গাজীপুরের কালীগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, জেলার কাপাসিয়া উপজেলার বিলজাড়াইল এলাকার একটি বাড়ি থেকে গতকাল ভোর পাঁচটার দিকে সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কালীগঞ্জ উপজেলার কুটান এলাকার একটি বাড়ি থেকে সূর্যবানকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাতেন মিয়া বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে গতকাল জেলা বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত কাল (আজ বৃহস্পতিবার) ওই আবেদনের শুনানির দিন ধার্য করে দুজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।ওসি বাতেন আরও বলেন, নিহত মরিয়মের স্বামী মামলার প্রধান আসামি সালাউদ্দিন ওরফে বাদলসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গাজীপুরের কালীগঞ্জের ছোট নাহিন্দী গ্রামের দিনমজুর নেছার উদ্দিনের মেয়ে মরিয়ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। ১২ মার্চ কালীগঞ্জের ভাটিরা দিয়াবাড়ি এলাকার শ্বশুরবাড়ি থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় মরিয়মের গলা, মুখ ও চোখে আঘাতের চিহ্ন ছিল।