বিচারক সংকটের কারণে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিধাত শারিমা রহমান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ থেমে আছে। চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি গত বছর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য পাঠানো হয়। কিন্তু আদালতের বিচারক না থাকায় সাক্ষ্য গ্রহণ থেমে আছে। এদিকে, এই মামলার একমাত্র আসামি এস এম তোহার জামিন আবেদন গত ৭ আগস্ট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নাকচ হয়। ২০১০ সালের ২১ অক্টোবর তোহার ছুরিকাঘাতে খুন হন মিধাত। ঘটনার ৩২ ঘণ্টা পর ২৩ অক্টোবর ভোরে শহরতলির ভাটিয়ারিতে চট্টগ্রামগামী একটি বাস থেকে তোহা গ্রেপ্তার হন। এরপর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বাদীর কৌঁসুলি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে দীর্ঘদিন ধরে বিচারক নেই। এ ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। সরকার কেন বিচারক নিয়োগ দিচ্ছে না, তা বোধগম্য নয়। ফলে মিধাতসহ চাঞ্চল্যকর আরও অনেক মামলার ভাগ্য ঝুলে আছে। আদালত সূত্র জানায়, গত ৭ আগস্ট চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আসামি তোহা জামিনের আবেদন করেন। শুনানির পর বিচারক আসামির জামিন নামঞ্জুর করেন। নিয়ম অনুযায়ী আসামি উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারেন বলে জানা গেছে। মিধাতের বাবা মো. মিজানুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আমার মেয়ের খুনের মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। আমরা দ্রুত বিচার প্রত্যাশা করেছিলাম। কিন্তু ট্রাইব্যুনালে পাঠানোর পর মামলাটি ঝুলে গেছে। ফলে আসামি দ্রুত জামিন নিয়ে বের হওয়ার চেষ্টা করবে। সরকারের কাছে আবেদন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিয়ে আমাদের মতো অসহায় ব্যক্তিদের বিচার পাওয়ার যেন সুযোগ করে দেওয়া হয়।’ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার বিভাগীয় সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের আদালতের বিচারক নেই। এ কারণে পদাধিকার বলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সংশ্লিষ্ট মামলার জামিন শুনানি করতে পারেন। আসামি তোহার জামিন আবেদন জেলা জজ নাকচ করে দেন। আমি থাকা অবস্থায় আসামির জামিন জেলা জজ আদালতে হবে না বলে আশা করছি।’