বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে খুনের কথা স্বীকার করেছেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ও সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা মাশহুদা খাতুনকে (২২) হত্যার কথা স্বীকার করেছেন তাঁর স্বামী আবদুল কুদ্দুস ফকির। শনিবার সাতক্ষীরা প্রথম বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন। মাশহুদা হত্যার ঘটনায় বাদীর দেওয়া এজাহার পরিবর্তন করে পুলিশ তাদের মতো করে এজাহার লিখিয়ে গ্রহণ করেছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদর থানার একটি সূত্র জানায়, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবদুল কুদ্দুস ফকির বলেন, ‘আমি ২২ জুন দুপুরে সাতক্ষীরা সদরের খানপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যাই। রাত ১২টার দিকে মাশহুদাকে মুঠোফোনে কল করে আমার ঘরে আসতে বলি। সে মুঠোফোন বন্ধ করে দেয়। ঘণ্টাখানেক পর আমার কক্ষে আসে মাশহুদা। এর ঘণ্টাখানেক পর সে তার মায়ের কক্ষে চলে যেতে চায়। একপর্যায়ে সে চিৎকার করলে আমি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করি। ভোর সাড়ে চারটার দিকে শ্বশুরবাড়ি থেকে আমি বের হয়ে সাতক্ষীরা সদর থানায় গিয়ে সব খুলে বলে আত্মসমর্পণ করি।’ সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে মাশহুদার সহপাঠী তহিদুর রহমান, রফিকুল ইসলাম, শরিফ খালিদ, আবদুস সবুর অভিযোগ করেন, মাশহুদা হত্যা মামলার এজাহারে নারী নির্যাতনের বিষয়টি উল্লেখ থাকলেও পুলিশ পরে তাদের মতো করে বাদীর কাছ থেকে এজাহার লিখে নিয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান জানান, বাদীর দেওয়া এজাহারই গ্রহণ করা হয়েছে।