ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ ছাত্রী।
নিহত কাজী নেহেরুন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী ছিলেন। চিকিৎসক বাবা কাজী আলী আকবর ও মা ফরিদা ইয়াসমিনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে নেহেরুন ছোট। চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকায় তাঁদের বাসা। তাঁদের গ্রামের বাড়ি পটিয়ার ধলঘাট এলাকায়।
দুর্ঘটনায় আহত ছাত্রীদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের আইরিন, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের পঞ্চম সেমিস্টারের রোকসানা, বিবিএর অষ্টম সেমিস্টারের তুলি ও পঞ্চম সেমিস্টারের ওয়ার্দা। আহত আফসানার বিভাগের নাম পাওয়া যায়নি।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আইআইইউসির ছাত্রীদের বহনকারী একটি বাস চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় পৌঁছালে লেন না মেনে উল্টোপথে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ১১ ছাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে নগরের এ কে খান গেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত আইআইইউসির ছয় ছাত্রীকে গতকাল দুপুরে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে কাজী নেহেরুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালের ক্যাজুয়ালটি ও নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আলী আকবর ও ফরিদা ইয়াসমীন। এ সময় তাঁরাসহ উপস্থিত আত্মীয়স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আহত ছাত্রীদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার প্রথম আলোকে বলেন, ট্রাকটি ভুল পথে গিয়ে বাসটিকে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ফাঁড়ি এলাকায় রাখা হয়েছে।