বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আগে পছন্দের যে মানুষটি ছিলেন সৎ ও ভদ্র, বিয়ের পর তিনিই হয়ে উঠলেন পৃথিবীর সবচেয়ে হিংস্র পশু। যৌতুকের জন্য যখন-তখন করতেন মারধর, অত্যাচার। এত দিন মুখ বুজে সব সহ্য করলেও এবার আর তা করেননি। গত বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এই হতভাগ্য নারীর নাম আন্নি আক্তার (২২)। তিনি বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লিসা মা-বাবা ও স্বামীর সঙ্গে মধ্য বাড্ডার এক বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় বাসার লোকজন দরজা ভেঙে দেখেন, লিসা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।লিসার বাবা ব্যবসায়ী সাইদ আহমেদ প্রথম আলোকে বলেন, নয় মাস আগে লিসা বাসার কাউকে না জানিয়ে শাহাদাত হোসেন নামের গার্মেন্টসের এক লেভেল সরবরাহকারীকে বিয়ে করেন। তিন মাস পর জানতে পেরে তিনি তাঁদের বিয়ে মেনে নেন। মেয়ের লেখাপড়ার কথা চিন্তা করে তিনি স্বামীসহ মেয়েকে মধ্য বাড্ডায় নিজের বাসায় রেখে দেন। বিয়ের পর থেকেই শাহাদাত হোসেন প্রায় সময় যৌতুকের জন্য লিসাকে মারধর করতেন। যখন-তখন তাঁঁর কাছে টাকা চাইতেন। গত বুধবার বিকেলে শাহাদাত লিসাকে মধ্য বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে ডেকে নিয়ে মারধর করেন এবং তাঁর চেইন ও ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যান। এরপর শাহাদাত আর বাসায় ফেরেননি। মুঠোফোনও বন্ধ করে রাখেন।সাইদ আহমেদ আরও বলেন, শুধু শাহাদাতই নন, যৌতুকের জন্য শাহাদাতের বোন ও ভগ্নিপতিও লিসাকে বিভিন্নভাবে অত্যাচার, অপমান করতেন। তিনি সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার শাহাদাত ও তাঁর পরিবারের লোকজনকে বুঝিয়েছিলেন। সামাজিকতা ও লিসার কথা চিন্তা করে তাঁদের বিরুদ্ধে তিনি আগে আইনের আশ্রয় নেননি।যোগাযোগ করা হলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, গতকাল শুক্রবার সকালে লিসার বাবা সাইদ আহমেদ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হচ্ছেন শাহাদাত হোসেন, তাঁর বোন লাভলী আক্তার ও ভগ্নিপতি সাহাবুদ্দিন হাওলাদার। তাঁদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।