বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
রাজধানীর হাতিরপুলে শাকিল আহমেদ (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাতিরপুলের একটি বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাকিল উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়তেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাকিল হাতিরপুলে তাঁর শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি পড়াশোনার পাশাপাশি মোতালিব প্লাজার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে ওই বাসা থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বলেন, তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে।
শাকিলের স্ত্রী ফারহানা মিশু বলেন, শাকিল জন্ডিসে ভুগছিলেন। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা তাঁর গলায় আঘাতের চিহ্ন দেখেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ঘটনাটি সন্দেহজনক। শাকিলের গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার পুরহুদায়। তাঁর বাবার নাম শুক্কুর আলী। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা।