প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজবাড়ী আসছেন। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ ও বালিয়াকান্দি উপজেলায় মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে গতকাল শুক্রবার কয়েকটি সংগঠন রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ বেলা দুইটায় পাংশা উপজেলার পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১০টি প্রকল্পের উদ্বোধন ও ছয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর আড়াইটায় তিনি একই স্থানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। এই সময় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, রেলমন্ত্রী মজিবুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ কাজী কেরামত আলী প্রমুখ উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ জিল্লুল হাকিম।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সৌজন্যে বিভিন্ন সড়কে তোরণ স্থাপন করা হয়েছে ও শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় পদ্মা সেতু নির্মাণ ও বালিয়াকান্দি উপজেলার পদ্মদীতে মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করা হয়। উদীচী শিল্পীগোষ্ঠী, মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, স্বদেশ নাট্যাঙ্গনসহ কিছু সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে সুনীল কুমার বিশ্বাস, শংকর চন্দ্র সিনহা, কেরামত আলী, সিদ্দিকুর রহমান, ফারুক উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বিশেষজ্ঞদের মতে পদ্মা নদীর মাওয়া পয়েন্টে সেতু নির্মাণ ব্যয়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে ব্যয় তুলনামূলকভাবে কম। মীর মশাররফ হোসেন ছিলেন কালজয়ী সাহিত্যিক। তিনি বাংলার সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। তাঁকে নিয়ে বর্তমানে দেশ-বিদেশে গবেষণা হচ্ছে। তাঁর স্মৃতি রক্ষায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।