বিশ্ববিদ্যালয়ের দাবিতে ইডেনে ক্লাস বর্জন
ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা কলেজ গেটে সমাবেশ করেন। ১ নম্বর গেট থেকে ২ নম্বর গেট পর্যন্ত অন্তত এক হাজার শিক্ষার্থী রাস্তার এক পাশে বসে যান। তাঁরা ‘ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে’, ‘প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চাই’, ‘৩৫ হাজার শিক্ষার্থীর দাবি মানতে হবে’— এসব লেখা প্ল্যাকার্ড নিয়ে আসেন। পরে সেখানে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। বক্তব্য দেন অর্থনীতি বিভাগের ফারহানা আক্তার, সমাজকর্ম বিভাগের শাহিনূর আক্তার প্রমুখ। তাঁরা বলেন, বাংলাদেশে শিক্ষার্থীর অনুপাতে আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন। একটি মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর সারা দেশের কলেজগুলোর ভার দেওয়ার কারণে সেশনজট বাড়ছে। পড়ালেখা শেষ করতে পারছেন না শিক্ষার্থীরা। বিশেষ করে মেয়েদের পড়াশোনার দীর্ঘসূত্রতার কারণে তাঁদের বিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। ছাত্রীদের স্বপ্নের অপমৃত্যু ঘটছে।
শিক্ষার্থীরা ইডেন কলেজকে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার আহ্বান জানান। গত ১৭ ফেব্রুয়ারি বৃষ্টির কারণে বাতিল হওয়া ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশটি আগামী ২৫ ফেব্রুয়ারি হবে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।