বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুরে গতকাল শুক্রবার কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। একইদিন যশোর সদর উপজেলার কানাইতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
যশোরে নিহত দুজন হলেন মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের প্লাবন মল্লিক (২৭) ও উপজেলার হাজরাইল গ্রামের দেবপ্রসাদ মণ্ডল (২৭)।
দেবপ্রসাদের বাবা ধীরাজ মণ্ডল বলেন, দেবপ্রসাদ ও প্লাবন দুই বন্ধু। তাঁরা সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। যশোর শহরে একটি মেসে ভাড়া থেকে তাঁরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল বিকেলে মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে প্লাবন ও দেবপ্রসাদ মোটরসাইকেলে করে যশোর-মনিরামপুর সড়ক দিয়ে যশোর শহর থেকে গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন প্লাবন। পেছনে বসে ছিলেন দেবপ্রসাদ। মোটরসাইকেলটি সদর উপজেলার কানাইতলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বিপরীতমুখী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় নিহত দুজন হলেন পাবনার ফরিদপুর উপজেলার বেড় হাউলিয়া গ্রামের আমিরুল ইসলাম (৫০) ও কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সানোয়ার হোসেন (৪৮)। আমিরুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের ও সানোয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএলএসএস (দপ্তরি) ছিলেন।
কুষ্টিয়া চৌঁড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রশীদ সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমিরুল ও সানোয়ার বিকেল চারটার দিকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে গজনবীপুর এলাকায় বিপরীতমুখী আকিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাইওয়ে পুলিশ লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, কাভার্ড ভ্যানটি কুষ্টিয়া সদর উপজেলার করিমপুর বাজার থেকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।