বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ প্রাণ হারালেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গতকাল শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আরও তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। আর দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।

গত ১০৪ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯১৪ জন প্রাণ হারালেন।

বিভিন্ন জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় গাড়িচাপায় নিহত নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাড়ি পাবনা সদরের নূরপুর গ্রামে। দুর্ঘটনার শিকার দ্বিতীয়জন একই ব্যাচের মেহেদি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরায়। দুজনই আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান প্রথম আলোকে বলেন, নাজমুল ও মেহেদি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কলমা এলাকা থেকে ভোর পাঁচটার দিকে ক্যাম্পাসে ফিরছিলেন। সিঅ্যান্ডবি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নাজমুল মারা যান। আহত মেহেদিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তাঁরও মৃত্যু হয়।

এ ঘটনায় জুমার নামাজের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, মীর মশাররফ হোসেন-সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে বিশমাইল ফটক পর্যন্ত প্রয়োজনীয়সংখ্যক গতিরোধক স্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকে (প্রান্তিক) পদচারী-সেতু নির্মাণের দাবি জানান।

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে জলঢাকা-রংপুর সড়কের জলঢাকা উপজেলা শহরের পেট্রলপাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দুবাইপ্রবাসী রফিকুল ইসলাম (৩৫) ও একই উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি গ্রামের লোকমান হোসেন (২৫)। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে। বাড়ি ডিমলা উপজেলায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রফিকুল ও প্রতিবেশী সানোয়ার প্রায় ছয় বছর দুবাইতে থাকার পর বৃহস্পতিবারই দেশে ফেরেন। ঢাকা থেকে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দক্ষিণ কাজির হাওলা এলাকায় মোটরসাইকেলের চাপায় আবদুল জব্বার (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন গতকাল শুক্রবার সকালে। রাজবাড়ীতে গতকাল বিকেল পাঁচটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মানিকগঞ্জ জেলার বাসিন্দা ব্যবসায়ী গৌতম কুমার। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গরিয়ানা গ্রামের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

সাংসদ আহত

এদিকে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় ভটভটির সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালসহ ছয়জন আহত হয়েছেন।