বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয় বাইপাস মোড় এলাকায় গতকাল সোমবার বাসচাপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ত্রিশাল শহরের দরিরামপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন।
নিহত শিক্ষার্থীরা হলেন আবদুল্লাহ আল মামুন (২০) ও মাহফুজুর রহমান ওরফে আসিফ (২২)। মামুন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ও আসিফ একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মামুনের বাড়ি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকায়। আসিফের বাড়ি ত্রিশাল শহরে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বাসটি ফেলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া সাতটার দিকে মামুন ও আসিফ মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরের দিকে আসছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিশ্ববিদ্যালয় বাইপাস মোড় এলাকায় ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসিফ মারা যান।
সূত্র আরও জানায়, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন যানবাহনে চেপে ও হেঁটে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত পৌনে নয়টার দিকে উপাচার্য মোহীত উল আলম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বললে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।