বিশ্ববিদ্যালয়ের নালা দিয়ে কারখানার বর্জ্য নিষ্কাশন
গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি শিল্পকারখানার বর্জ্য ক্যাম্পাসের ভেতর দিয়ে নিষ্কাশনের ফলে বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এ কারণে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আপত্তি জানালেও ওই সব কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের পাশে হুদা উইন্ড্রি ফ্যাশন, সাংকোয়াং ও প্রীতি গ্রুপের বেশ কয়েকটি কারখানা আছে। কিন্তু তাদের কোনো বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) নেই। বিশ্ববিদ্যালয়ের আশপাশের কৃষকদের জমির পানি নিষ্কাশনের সুবিধার কথা বিবেচনা করে ক্যাম্পাসের ভেতর দিয়ে একটি নালা রাখা হয়েছে। কারখানা মালিকেরা ওই নালা দিয়েই তাঁদের কারখানার বর্জ্য নিষ্কাশন করছেন। এর ফলে ক্যাম্পাসের পরিবেশ দূষিত হচ্ছে। গবেষণা কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপাচার্য আব্দুল মান্নান আকন্দ জানান, কারখানার বর্জ্য নিষ্কাশনের কারণে ক্যাম্পাসের ভেতরে চার-পাঁচ একর জমি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এক সময় ওই সব জমিতে কৃষি গবেষণার কাজ করা হলেও কারখানার বর্জ্যের কারণে এখন তা করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বর্ষা মৌসুমে সমস্যা হয় সবচেয়ে বেশি। তখন নালার বর্জ্য উপচে পড়ে। এতে দুর্গন্ধও ছড়ায়। তা ছাড়া বর্জ্য নিষ্কাশনের নালাটি বিশ্ববিদ্যালয়ের মসজিদ, চিকিত্সাকেন্দ্র ও ক্যান্টিনের পাশ দিয়ে প্রবাহিত হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এসব সমস্যার প্রতিকার চেয়ে গত বছরের ১০ নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম আজাদ। এর আগেও কর্তৃপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের জন্য আবেদন করেছে। ২০০১ সালের দিকে সাংকোয়াং গ্রুপের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এনে মামলাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গিয়াস উদ্দীন মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট না থাকায় সরাসরি দূষিত বর্জ্য ক্যাম্পাসের ভেতরে ঢুকছে। এর ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। তা ছাড়া বর্জ্য মিশ্রিত পানি ভূ-গর্ভস্থ পানিকেও দূষিত করে তুলছে।এ ব্যাপারে হুদা উইন্ড্রি ফ্যাশন লিমিটেডের কারখানা ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, তাঁদের কোনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই। কারখানার আশপাশে জায়গাও খুব অল্প। তাই দীর্ঘদিন ধরে তাঁদের কারখানাসহ আশপাশের কারখানাগুলোর বর্জ্য বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিষ্কাশন করে আসছেন। তিনি জানান, ক্যাম্পাসের ভেতর দিয়ে কারখানার বর্জ্য প্রবাহিত হলেও এতে তেমন কোনো সমস্যা হবে না। কারণ, ওই সব বর্জ্যে ক্ষতিকর তেমন কোনো পদার্থ নেই।প্রীতি গ্রুপের সহকারী ব্যবস্থাপক মোফাজ্জেল হোসেন দাবি করেন, তাঁদের নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও একটি পুকুর রয়েছে, যেখানে বর্জ্য জমা হয়। ক্যাম্পাসের ভেতরে তাঁদের কারখানার বর্জ্য ঢোকে না। ওই পুকুর থেকে বর্জ্য সরাসরি ক্যাম্পাসে ঢুকছে—এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক জামসেদ আহমেদ প্রথম আলোকে জানান, প্রতিটি কারখানার নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট থাকা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয় এলাকায় গড়ে ওঠা কারখানাগুলোর বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আছে কি না, তা জানতে চাইলে তিনি জানান, তাঁদের লোকবল সংকট রয়েছে। গাজীপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার জন্য মাত্র একজন পরিদর্শক রয়েছেন। একজন পরিদর্শকের পক্ষে এসব এলাকার সব কারখানা পরিদর্শন করা সম্ভব নয়। তার পরও বিষয়টি তিনি দেখবেন বলে জানান।