বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আবার চাকরিস্থলে অসুস্থতাসহ নানা অজুহাতে বেশির ভাগ সময় তিনি অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে।ওই শিক্ষার্থীর নাম শাহীনুর আক্তার। বতর্মানে তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখায় রক্ষিত রেকর্ডপত্র অনুযায়ী, প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার থেকে চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পর্যন্ত তিনি নিয়মিত অধ্যয়নরত এবং প্রতি সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী মোহামঞ্চদ আবদুল মান্নান প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর মূল সনদ বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে। এর পরও কীভাবে ওই কোম্পানি মূল সনদপত্র ছাড়া চাকরি দিল, সেটা তাঁর বোধগম্য নয়।এ ব্যাপারে শাহীনুর আক্তার প্রথম আলোকে বলেন, অফিসে কাজের পরিবেশ না থাকায় তিনি ছুটি নিয়েছেন। এছাড়া চাকরি নেওয়ার পর কর্তৃপক্ষ তাকে লেখাপড়ার অনুমতি দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, শাহীনুর আক্তার ২০১১ সালের ২১ আগস্ট পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে (পিজিসিএল) উপসহকারী প্রকৌশলী পদে যোগ দেন। যোগদানের পর তিনি প্রায়ই অনুপস্থিত থাকেন। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক তাঁর বিরুদ্ধে একটি লিখিত প্রতিবেদন দাখিল করেন। সেখানে উল্লেখ করা হয়, শাহীনুর প্রায় অনুপস্থিত থাকেন। আবার অনুপস্থিত থেকেও পরের দিন অফিসে এসে আগের দিনের স্বাক্ষর করেন। ওই কর্মকর্তা শাহীনুরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন।পিজিসিএলের পক্ষ থেকে গত ১৪ মে ডুয়েটে একটি চিঠি পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, শাহীনুর ডুয়েটের একজন চিকিৎসা কর্মকর্তার চিকিৎসাপত্র দাখিলসাপেক্ষে অসুস্থতার ছুটির আবেদন করে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহামঞ্চদ আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে ওই কোম্পানিকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভর্তির সময় তাঁর সব সনদপত্রের মূল কপি সংশ্লিষ্ট বিভাগে জমা রাখা হয়েছে। ভর্তির সময় তিনি কোনো সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি করে না মর্মে অঙ্গীকারনামা দাখিল করেছেন।এ বিষয়ে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রথম আলোকে জানান, মূল সনদ না দেখিয়ে নিয়োগ দেওয়ার কথা নয়। বিশ্ববিদ্যালয়ের চিঠি তিনি এখনো পাননি। পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রাবেয়া নাছরিন আকন্দ প্রথম আলোকে জানান, শাহীনুর প্রায় অসুস্থতার সনদ নিতে আসেন। তাঁর অল্প জন্ডিস দেখা দিয়েছিল, তাঁর জন্য বিশ্রামে না থাকলেও অসুবিধা ছিল না। কিন্তু শাহীনুরের পিড়াপিড়িতে তাঁকে দুই মাসের বিশ্রামের সনদ দেওয়া হয়েছিল। তবে তিনি স্বীকার করেন, একজন চিকিৎসা কর্মকর্তা দুই মাসের বিশ্রামের সনদ দেওয়ার ক্ষমতা রাখেন না।