বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ছাত্রী নিহত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) এর ছাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তানজিনা মেহেরীন (২২) নামের এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন ছাত্রী।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানজিনা মেহেরীন ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আইআইইউসির ছাত্রী বহনকারী একটি বাস চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। বাসটি সাবেক সাংসদ এ বি এম আবুল কাশেমের বাড়ির সামনে পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন ছাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নগরীর এ কে খাঁন গেটের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। পরে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানজিনা মেহেরীনকে মৃত ঘোষণা করেন।
আইআইইউসির সহকারী প্রক্টর জাহিদ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ছয়জন শঙ্কামুক্ত। নিহত তানজিনার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার প্রথম আলোকে বলেন, বাস ও ট্রাকটিকে আটক করে ফাঁড়ি এলাকায় রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।