বিশ্ববিদ্যালয়ের ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বজায় রাখা এবং সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের পক্ষে দৃঢ় অবস্থান নেবে সরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রতারণাকে প্রশ্রয় দেওয়া হবে না।গতকাল বৃহস্পতিবার সকালে উপশহর এলাকার সিলেট জালালাবাদ গ্যাস মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী এ বক্তৃতা দেন।শিক্ষামন্ত্রী বলেন, বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি। অনেক বিশ্ববিদ্যালয় তাদের অনুমতি প্রদানের শর্ত পূরণ করেনি। এতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রচুর টাকা খরচ করেও শিক্ষার্থীরা ন্যূনতম মানের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পাচ্ছেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার মান ও পরিবেশ উন্নত করার লক্ষ্যে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করছে সরকার, যা এখন জাতীয় সংসদে অনুমোদনের অপেক্ষায় আছে।সমাবর্তনে আরও বক্তৃতা দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, উপাচার্য মো. আবদুল আজিজ। প্রথম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবাশীষ রায়কে চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং নাজমিন আক্তার, দেবাশীষ রায়, মো. লুত্ফুর রহমান ও আবদুল্লাহ আল মাসুদকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।