বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস সাজিয়ে মাদক পাচার!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ও শিক্ষকদের ব্যবহূত বাহন—এমন স্টিকার মাইক্রোবাসে এঁটে মাদক পাচার করছিলেন দুই যুবক। কিন্তু তাঁদের শেষরক্ষা হয়নি। গত সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাওরাতলি এলাকা থেকে তাঁদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর দক্ষিণ থানার পুলিশ তাঁদের পাকড়াও করে। একই সঙ্গে মাইক্রোবাস থেকে উদ্ধার করে কার্টুনে ভর্তি ৭৯০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন কুমিল্লা শহরের কালিয়াজুরি এলাকার বাসিন্দা মশিউর রহমান (২৫) ও আদর্শ সদর উপজেলার গজারিয়া গ্রামের খোরশেদ আলম (৩০)। সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ‘গ্রেপ্তার হওয়া দুই যুবক পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে বলেছে, কুমিল্লার বিবিরবাজার সীমান্তবর্তী এলাকা থেকে তারা ওই ফেনসিডিল ও গাঁজা ক্রয় করে। এরপর সেগুলো চড়া মূল্যে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। আইনপ্রয়োগকারী সংস্থার হাতে যেন ধরা না পড়ে, সে জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ও ‘শিক্ষকদের ব্যবহূত বাহন’ কথাটি লিখে রাখে।’কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাইক্রোবাসটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহন করেনি। মাদক পাচারের কৌশল হিসেবে তাঁরা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করেছেন।