গোবিন্দচন্দ্র দেবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকদের হত্যাকাণ্ড ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ। তাঁদের হত্যাকারী এদেশীয় দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো জাতির কর্তব্য।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক গোবিন্দচন্দ্র দেবের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ অভিমত দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দচন্দ্র দেব গবেষণাকেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক প্রদীপ কুমার ঘোষ।‘গোবিন্দ দেবের মুসলিম দর্শন ভাবনা’ শীর্ষক প্রবন্ধে প্রদীপ কুমার ঘোষ বলেন, গোবিন্দ দেব ছিলেন একজন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দার্শনিক। দর্শনের এমন কোনো শাখা নেই, যেখানে তিনি বক্তব্য দেননি। ইসলাম ও ইসলামিক দর্শনের প্রতি তাঁর ছিল গভীর শ্রদ্ধা।’ সেমিনারে কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, ‘মানবতাবাদী এই দার্শনিকের মতবাদ চর্চা করা আমাদের একান্ত প্রয়োজন।’ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘দেবের হত্যাকারী এদেশীয় দোসরদের বিচারের সম্মুখীন করা আমাদের দায়িত্ব।’গোবিন্দচন্দ্র দেবের মৃত্যুর সময়কার মর্মস্পর্শী বিবরণ দেন তাঁর কন্যা রোকেয়া সুলতানা। তিনি বলেন, গোবিন্দ দেব যেমন মহান দার্শনিক ছিলেন, বাবা হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত স্নেহপ্রবণ ও দায়িত্বশীল।সভাপতির বক্তব্যে হারুন-অর-রশিদ বলেন, দেবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকদের হত্যাকাণ্ড ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ।স্বাগত বক্তব্যে আজিজুন্নাহার ইসলাম বলেন, দেব ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও ঋষিতুল্য দার্শনিক। বিজ্ঞপ্তি।