যশোর শহরে গত বৃহস্পতিবার ট্রাকের চাপায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। গত তিন দিনে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:যশোর: যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় বৃহস্পতিবার ট্রাকের চাপায় জয়নুল আবেদীন (৩৫) নামের এক শিক্ষক নিহত হন। তিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রভাষক। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার ফুলসরা গ্রামে। যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল জানাজার পর তাঁর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। চুয়াডাঙ্গা: সদর উপজেলার সরোজগঞ্জের ছয়মাইল এলাকায় গতকাল শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মেহেরপুর শহরের পোস্ট অফিসপাড়ার পদ্ম ইসলাম (৩৪) নিহত হন। পদ্ম ইসলাম এস এম পরিবহনের সুপারভাইজার। সদর উপজেলার ডিহি গ্রামে একটি মোটরসাইকেল বৃহস্পতিবার রাতে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারের মহেন্দ্র কুমার দাস (২৯) নিহত হন। একই উপজেলার বেগমপুর চিলমারীপাড়ায় বুধবার পাওয়ারটিলারের ধাক্কায় আবু বক্কর (৪) নামের এক শিশু নিহত হয়। একই দিন আলমডাঙ্গার কালীদাসপুরের শ্রীরামপুর গ্রামে বাসের ধাক্কায় সাব্বির আহমেদ (৬) নামের এক শিশু নিহত হয়। সে শ্রীরামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় গতকাল শুক্রবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী একই উপজেলার সানেরপাড় গ্রামের জুয়েল ব্যাপারী (৩০) নিহত হন। তাঁর পিতার নাম আবদুল মজিদ ব্যাপারী।