শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে হবে। তাঁদের বুঝতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তাঁরা জনগণের টাকায় পড়ছেন। তাই তুচ্ছ কারণে ভাঙচুর, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে তাঁদের বিরত থাকতে হবে। আর এই পরিবেশটা তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে হবে।’ গত শনিবার রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অফিসার্স পরিষদ আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সভাপতি সিকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন সিকৃবির সিন্ডিকেট সদস্য সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদার, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মতিয়ার হাওলাদার ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার বদরুল ইসলাম। শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে ঐকতান নামের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই দেশকে গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তবে প্রচলিত শিক্ষাব্যবস্থায় তা সম্ভব নয়। এ জন্য শিক্ষার গুণগত ও মৌলিক পরিবর্তন করতে হবে। শিক্ষা ও পাঠদানের পদ্ধতিকে সর্বাধুনিক করতে হবে। ইতিমধ্যে সরকার এ পরিবর্তনের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।