বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটকে দেন সিলেটগামী পাহাড়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যঞ্জনবর্ণের পরিবর্তে স্বরবর্ণ অক্ষরের টিকিট সরবরাহের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দাঁড়িয়ে সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছান। গতকাল রোববার সকালে চট্টগ্রাম স্টেশনে পা ফেলেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের সঙ্গে শামিল হন আরও অনেক শিক্ষার্থী।এ সময় সিলেটগামী পাহাড়িকাসহ কয়েকটি ট্রেনও আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে ভুল টিকিট সরবরাহকারী কম্পিউটার অপারেটরকে প্রত্যাহার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা কর্মসূচি থামান।রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে চড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও নয়জন শিক্ষার্থী গতকাল সকালে চট্টগ্রামে পৌঁছান। তাঁদের সিলেট স্টেশনে স্বরবর্ণ অক্ষর ‘অ’-এর টিকিট দেওয়া হয়। কিন্তু আন্তনগর ট্রেনে স্বরবর্ণ অক্ষরের কোনো টিকিট নেই। ব্যঞ্জনবর্ণ ‘ক’ দিয়ে আন্তনগর কোচের (বগি) টিকিট বিক্রি হয়। শিক্ষক-শিক্ষার্থীরা ‘অ’ কোচের টিকিট নিয়ে সিলেট স্টেশনে উদয়ন এক্সপ্রেসে ওঠেন। কিন্তু ‘অ’ নম্বরের কোনো কোচ না থাকায় তাঁদের দাঁড়িয়ে আসতে হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকালে উদয়ন চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে রাখেন তাঁরা। উদয়ন এক্সপ্রেস আবার পাহাড়িকা নামে গতকাল সকাল আটটায় সিলেটের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। শিক্ষার্থীরা এই ট্রেনও আটকে রাখেন।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরও জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে পাহাড়িকা এক্সপ্রেস আটকে রাখায় এই ট্রেনের যাত্রীরাও চট্টগ্রাম স্টেশনে পাল্টা বিক্ষোভ শুরু করে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে সিলেট স্টেশনের কম্পিউটার অপারেটর নিজাম উদ্দিনকে প্রত্যাহার করার খবর এলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি থামিয়ে দেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের উদ্দেশে পাহাড়িকা ছেড়ে যায়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে গণিত বিভাগের শিক্ষার্থীরা সিলেটে একটি অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচি শেষে তাঁরা গত শনিবার রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। তখনই বিপত্তি ঘটে।জানতে চাইলে গণেশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ের ভুলের কারণে আমরা সারা রাত দাঁড়িয়ে ভ্রমণ করেছি। এতে দুর্ভোগের শিকার হয়েছি আমরা। এ কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম স্টেশনে বিক্ষোভ করেছে।’রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওপিএস) মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘উদয়ন এক্সপ্রেসের টিকিট সরবরাহ করেছে রেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ভুল করেছে বলে রেল কর্তৃপক্ষকে সব দায় নিতে হচ্ছে। এ জন্য পাহাড়িকা এক্সপ্রেসের সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করা কি উচিত হয়েছে? আসলে আমরা সব সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের টিকিট দিয়ে সহযোগিতা করে আসছি। রোববার সকালে শিক্ষার্থীদের আচরণ আমাদের হতবাক করেছে।’