বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড্ডা থানার আফতাবনগরের একটি বাসায় গত মঙ্গলবার রাতে রাবেয়া কুলসুম (২৭) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বাড্ডা এলাকার বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাবেয়া ও তাঁর এক নারী সহকর্মী আফতাবনগরের ৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বহুতল বাড়ির একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। মাস খানেক আগে তাঁর সহকর্মী রংপুরে তাঁর গ্রামের বাড়িতে চলে যান। তখন থেকে রাবেয়া বাসায় একা ছিলেন। তাঁর ছোট ভাই শরীফ বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। মঙ্গলবার রাতে রাবেয়ার এক বান্ধবী শরীফকে মুঠোফোনে জানান, রাবেয়ার মুঠোফোন বন্ধ রয়েছে। এরপর শরীফও তাঁর বোনের মুঠোফোন বন্ধ পান। রাত দেড়টার দিকে তিনি আফতাবনগরে গিয়ে ডেকেও তাঁর বোনের সাড়া পাননি। একপর্যায়ে তিনি বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় বোনের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। তাঁকে দ্রুত উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, আগেই তিনি মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে রাবেয়া তাঁর ফেসবুকে ‘সবাইকে ধন্যবাদ’ পোস্ট করেছিলেন। এরপর আর তার কোনো সাড়া মেলেনি।
বাড্ডা থানার ওসি এম এ জলিল প্রথম আলোকে বলেন, রাবেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।