বর্তমান সময়কে ‘কঠিন সংকটকাল’ বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিশ্ববেহায়া ও দুর্নীতিবাজরা আজ এক হয়েছে। জনগণ এই বেহায়া ও দুর্নীতিবাজ সরকারের হাত থেকে মুক্তি চায়।
গতকাল মঙ্গলবার রাজধানীর পান্থপথের একটি কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, এ রকম পরিস্থিতিতে কে বড় কে ছোট, কে ডান কে বাম, কে হিন্দু-মুসলিম-বৌদ্ধ—এসব ভেদাভেদ ভুলে দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে নিয়ে শিল্পী কামরুল হাসানের আঁকা ব্যঙ্গচিত্র ‘বিশ্ব বেহায়া’র কথা মনে করিয়ে দিয়ে খালেদা জিয়া বলেন, সেই ‘বিশ্ববেহায়া’ এই সরকারের সঙ্গে এক হয়েছে। সরকারে কোনো ভালো মানুষ নেই।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘মানুষ এখন শান্তি চায়। অবৈধ সরকারের জনবিরোধী কাজের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কত মানুষ নিখোঁজ হয়েছে, তার কোনো হিসাব নেই। খুন নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। মানুষকে অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে হবে।’ ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এর আগে আলোচনায় বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান বক্তব্য দেন। ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।