বিশ্বব্যাংক ও এডিবির টাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের টাকায় বাংলাদেশে একটি বড় আকারের পরীক্ষামূলক প্রকল্প চালু হচ্ছে। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স’। প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় ৫০ মিলিয়ন ডলার তহবিল পাওয়া যাবে।গতকাল রোববার সকালে স্থানীয় একটি হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালার আয়োজকদের পক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, প্রাথমিকভাবে উপকূলীয় ১১টি জেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই তহবিলের টাকা খরচ করবে সরকার। কৃষি, স্বাস্থ্য, সুপেয় পানি, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে প্রকল্প তৈরি করে এই টাকা খরচ করা হবে। এর জন্য একটি প্রকল্প পরিকল্পনা তৈরি করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ সোমবার কর্মশালা শেষ হবে।বিশ্বব্যাংকের কর্মকর্তা খাজা মিন্নাত উল্লাহ জানান, প্রাথমিকভাবে এই পরিমাণ তহবিল দেওয়া হচ্ছে। প্রকল্প সফল হলে ভবিষ্যতে আরও বড় আকারের অনুদান দেওয়া হবে।প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সরকার তার সীমিত সম্পদ নিয়ে সাধ্যমতো কাজ করছে। ইতিমধ্যে সরকার প্রায় ৭০০ কোটি টাকার একটি জলবায়ু তহবিল গঠন করেছে। যারা নিজেরা চেষ্টা করে তাদের অন্যদেরও সাহায্য করা প্রয়োজন। দাতাদের আরও বড় প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। পৃথিবীর মোট জনসংখ্যার আড়াই ভাগ এখানে বাস করে। কাজেই বাংলাদেশকে সহযোগিতা করা মানে পৃথিবীর শতকরা আড়াই ভাগ মানুষকে সাহায্য করা।জলবায়ু পরিবর্তন হলে কেবল বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না—বিষয়টি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যখন টাইটানিক জাহাজ ডুবেছিল প্রথমে তৃতীয় শ্রেণীর যাত্রীরা ডুবেছিল। কিন্তু প্রথম শ্রেণীর যাত্রীরাও বাঁচতে পারেনি। পরে তারাও ডুবেছিল। তেমনি জলবায়ু পরিবর্তনজনিত কারণে কেবল বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে—এমনটি ঠিক নয়। উন্নত বিশ্বও এর প্রভাব এড়াতে পারবে না।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১১ হাজার কিলোমিটার উপকূলীয় বাঁধ, তিন হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, লবণাক্ততা ও খরা সহিঞ্চু ফসল উদ্ভাবন এবং উপকূলীয় বনাঞ্চল তৈরি করা হয়েছে। তবে এগুলো যথেষ্ট নয়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্ষয়ক্ষতি কমানোর জন্য সাহায্য চাচ্ছি। বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন ও বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পল জে হেয়টেনস—উভয়ই অঙ্গীকার করেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশকে ভবিষ্যতে আরও সাহায্য সহযোগিতা দেওয়া হবে।কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি হেলাল উদ্দিন আহমেদ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিনিধি আবদুল ওয়াজেদ জলবায়ু পরিবর্তনের কারণে নিজ নিজ খাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন।