বিশ্বব্যাংক ও বাংলাদেশ সমাধানে আসতে না পারায় নিরাশ হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার সন্তোষজনক সমাধানে আসতে পারেনি বলে আমি নিরাশ হয়েছি। তবে পদ্মা সেতুর অর্থ প্রদানের ক্ষেত্রে বিশ্বব্যাংকের হাত গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে ড. ইউনূসের কোনো হাত নেই। এটি সম্পূর্ণ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দ্বিপক্ষীয় বিষয়।’ পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার টাঙ্গাইলের মধুপুরে এক অভিজ্ঞতা বিনিময় সভায় এসব কথা বলেন। মধুপুর গড় এলাকার দোখলায় বন বিভাগের ‘রিভিজেটেশন অব মধুপুর ফরেস্ট থ্রু রিহেবিলিটেশন ফরেস্ট ডিপেন্ডেন্ট লোকাল অ্যান্ড ইথিনিক কমিউনিটিস প্রজেক্ট’ বিষয়ে ওই অভিজ্ঞতা বিনিময় সভা হয়। জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। ড্যান মজীনা আরও বলেন, তত্ত্বাবধায়ক বিষয়ে এ দেশের সব রাজনৈতিক দলের সংলাপে বসা দরকার। সংলাপে বসে আলোচনার ভিত্তিতে সমঝোতায় আসা উচিত। খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, মধুপুরের বনজ সম্পদ জাতীয় সম্পদ। এটি শুধু প্রকল্পের মাধ্যমে নয়, সবার সহযোগিতায় সুন্দরভাবে রক্ষা করতে হবে, যাতে করে মধুপুরের বনাঞ্চল আবার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী, বন সংরক্ষক জহির হোসেন খন্দকার, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল প্রমুখ। এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌল চার্চের পাল পুরোহিত ফাদার ইউজিন হোমরিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।