বিশ্বব্যাংক তাঁর বিষয়ে ভুল করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে নিজেকে নির্দোষ মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তাঁর বিষয়ে গণমাধ্যম ও বিশ্বব্যাংক ভুল করেছে বলেও তিনি মনে করেন। গতকাল সোমবার প্রস্তাবিত গঙ্গা ব্যারাজ প্রকল্প নিয়ে আয়োজিত কর্মশালা শেষে মসিউর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। এনইসি সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে পরিকল্পনা কমিশন। পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের শর্তানুসারে এই উপদেষ্টাকে ছুটিতে যেতে হয়েছে। মসিউর রহমান বলেন, ‘বিশ্বব্যাংক আমার সম্পর্কে কী অভিযোগ করেছে, আমি তা জানি না। আপনারা (গণমাধ্যম) যদি জানেন, তবে কাগজে লিখে ফেলেন।’ কাজে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক আমার মাথাটা তো অবশ করেনি। সব সময় আমার মাথা কাজ করে। আপনারাই (গণমাধ্যম) বলেছেন, বিশ্বব্যাংক বলেছে, তুমি (মসিউর) কাজ কোরো না। আমি (মসিউর) দোষী।’ তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এখন কাগজে ছাপিয়ে দেন, মসিউর রহমানের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। যেসব পত্রিকা লিখেছে, তারা ভুল করেছে, বিশ্বব্যাংক ভুল করেছে। এখন তাঁকে দেশের সেবা করা থেকে সরকারের বিরত রাখা ঠিক হবে না।’