বিশ্বব্যাংক থেকে মাগনা ঋণ নিই না: জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে মাগনা ঋণ নেয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমরা কী করব, সেটা বড় কথা। বিশ্বব্যাংকের অভ্যাস টাকা দিয়ে শর্ত জুড়ে দেওয়া। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরাও ফকিরের দেশ না। বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা মাগনা ঋণ নিই না, শোধ করি। আমরা যা চাই, সেটাই করব।’

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গে জয় এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছি, তখন কেউ কল্পনা করতে পারেনি এতে কী কী সেবা আসবে। মাত্র পাঁচ বছরে তথ্য ও প্রযুক্তি খাতে এত উন্নয়ন হবে কল্পনা করতে পারেনি। ইতিমধ্যে ই-তথ্যসেবা ও মোবাইলে টাকা পাঠানোর মতো সুবিধা মানুষ ভোগ করছে।’

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় বক্তব্য দেন।