বিশ্বব্যাংক থেকে মাগনা ঋণ নেই না: জয়

বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে মাগনা ঋণ নেয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমরা কী করব সেটা বড় কথা। বিশ্বব্যাংকের অভ্যাস টাকা দিয়ে শর্ত জুড়ে দেওয়া। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরাও ফকিরের দেশ না। বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা মাগনা ঋণ নেই না। শোধ করি। আমরা যা চাই, সেটাই করব।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গে জয় এই মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছি, তখন কেউ কল্পনা করতে পারেনি এতে কী কী সেবা আসবে। মাত্র পাঁচ বছরে তথ্য ও প্রযুক্তি খাতে এত উন্নয়ন হবে, আমরা কল্পনা করতে পারিনি। ইতিমধ্যে ই-তথ্যসেবা ও মোবাইলে টাকা পাঠানোর মতো সুবিধা মানুষ ভোগ করছে।’
জয় আরও বলেন, ‘সরকারের লক্ষ্য তথ্য ও প্রযুক্তি (আইটি) শিল্পকে উন্নয়ন করা। ২০ হাজার ব্যক্তিকে আইটি বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য ব্যবসা করা না। বরং সহযোগিতা করা। বাংলাদেশে ইতিমধ্যে অনেক প্রযুক্তিশিল্প গড়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হলো কল সেন্টার। তবে আমাদের পরবর্তীতে প্রযুক্তিশিল্প হবে মোবাইল অ্যাপস। এরপর আরও উন্নত প্রযুক্তি আসবে। সব পরিকল্পনা ঠিক থাকলে কয়েক বছরের মধ্যে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি রপ্তানি সম্ভব হবে।’
সজীব ওয়াজেদ বলেন, ‘বর্তমানে মানুষ অনেক সুবিধা পাচ্ছে। এর মধ্যে ই-টেন্ডারিং, ই-ফাইলিং রয়েছে। ই-টেন্ডারিংয়ের ফলে এখন টেন্ডারবাজি কমে গেছে। ই-ফাইলিং হলে সরকারি জটিলতা ও দুর্নীতি কমে যাবে। এর মাধ্যমে শুধু দেশকে এগিয়ে নেওয়াই হবে না, দুর্নীতিও কমবে।’ তিনি বলেন, আইটি খাতের উন্নয়ন হলে সরকারের আয় বাড়বে। এতে করে সরকারি কর্মকর্তাদের বেতনও বাড়ানো হবে।
জয় বলেন, ‘গ্রাম এলাকায় আইটি ক্ষেত্রে কাজ করে তরুণ প্রজন্ম অনেক বেশি টাকা আয় করতে পারবে। তাদের পরিবারকে টেনে তুলতে পারবে। সবাই মিলে আমরা এ স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।’
মতবিনিময় সভা ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় বক্তব্য দেন। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে সজীব ওয়াজেদকে ধারণা দেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালকেরা।