বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে আর ২১০০ কোটি টাকা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক অতিরিক্ত দুই হাজার ১০০ কোটি টাকার সমপরিমাণ ৩০ কোটি মার্কিন ডলার প্রদানের আশ্বাস দিয়েছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জোয়েলিকের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংক-প্রধান এ আশ্বাস দেন। গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়। খবর বাসসের।বিশ্বব্যাংক-প্রধান এ সময় বাংলাদেশের সাফল্য, বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে লক্ষণীয় উন্নতির প্রশংসা করেন। স্কুলে ভর্তির হার বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং শিশুমৃত্যু রোধে বাংলাদেশের অগ্রগতিতে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। তিনি বর্তমানে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠক এবং ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বার্ষিক বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, অর্থসচিব মো. তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক কাজী মো. আমিনুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।