বিশ্বব্যাংক দুর্নীতির দোহাই দিয়ে পদ্মা সেতু নির্মাণের কাজে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ অভিযোগ করা হয়।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান। কমিটির সদস্য জিল্লুল হাকিম, এইচ এম গোলাম রেজা, একরামুল করিম চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল সভায় অংশ নেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বিদেশে থাকায় সভায় অনুপস্থিত ছিলেন।সভাসূত্র জানায়, সভায় বলা হয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও বিশ্বব্যাংক দুর্নীতির কোনো প্রমাণ না দেখিয়ে পদ্মা সেতুর নির্মাণকাজে অসহযোগিতা করছে। এটি দুর্ভাগ্যজনক। সরকারকে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিতে বলা হয়েছে।সভায় সর্বাধিক অগ্রাধিকার দিয়ে পদ্মা সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। প্রয়োজনে পদ্মা সেতুর নির্মাণকাজে দেশের সব শ্রেণীর সহযোগিতা নিয়ে এগোনোর পরামর্শ দেওয়া হয়। দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের পরিচয় জনগণকে জানানোরও সুপারিশ করা হয় সভায়।সভার পর অপু উকিল সাংবাদিকদের বলেন, সভায় কমিটির এক সদস্য বিশ্বব্যাংককে ‘দুর্নীতির আখড়া’ হিসেবে আখ্যায়িত করেন।কমিটির আরেক সদস্য আবু জাহির বলেন, বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির বিষয়ে কিছু ই-মেইল এসেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এসব ই-মেইল যারা পাঠিয়েছে, তাদের পরিচয় পাওয়া যায়নি।কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছে। তবে কোনো প্রমাণ দেখাতে পারেনি।সভায় প্রস্তাবিত মেট্রোরেলের বিষয়ে তথ্যাদি উপস্থাপন ও আলোচনা হয়। ঢাকা মহানগরের যানজট নিরসনের লক্ষ্যে পল্লবী থেকে ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত প্রস্তাবিত মেট্রোরেল নির্মাণ শুরু করতে দ্রুত এলাকা নির্বাচন করে কাজ শুরুর সুপারিশ করা হয়। সভায় সংসদ ভবনের নকশা বহাল রেখে মেট্রোরেলের কাজ করার পরামর্শ দেওয়া হয়।সভায় আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার এবং পরবর্তী এক মাসের মধ্যে উদ্ধারকৃত জমি আবার ইজারা দেওয়ার সুপারিশ করা হয়। সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তাঘাট খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তা মেরামত করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।