খোদ বিশ্বব্যাংক প্রতারিত হতে পারে বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) গোলাম রহমান। তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের ঠিকাদার নিয়োগে প্রাকেযাগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বিশ্বব্যাংক নিজেই প্রতারিত হয়েছে। চায়না রেলওয়ে ১৫ ব্যুরো করপোরেশনের বিষয়ে বিশ্বব্যাংকের কাছে বারবার অনুরোধ করেছে। তারা হয়তো ওই চীনা প্রতিষ্ঠানের প্রতারণার শিকার।’গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন দুদকের চেয়ারম্যান। সাংবাদিকদের তিনি বলেন, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে মূল্যায়ন কমিটি কারও দ্বারা প্রভাবিত না হয়ে এবং বিশ্বব্যাংকের মূল্যায়ন নীতিমালা অনুসরণ করেই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে। পরে বিশ্বব্যাংকও এতে সায় দিয়েছে বলে জানান তিনি।তবে ঠিকাদারদের প্রাকেযাগ্যতা যাচাইয়ের সময় বিশ্বব্যাংকের বারংবার সুপারিশকে অনিয়ম বা দুর্নীতি বলতে নারাজ দুদকের চেয়ারম্যান। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান কাজের জন্য অন্য একটি প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করতেই পারে। আর সেই সুপারিশ বাস্তবায়িত না হলে দুর্নীতি হওয়ার সুযোগও থাকছে না। সাম্প্রতিক পদ্মা সেতু ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থ না দিলেও বা সরকার অর্থ না নিলেও দুদকের তদন্ত নিজস্ব গতিতেই চলবে।দুদকের তদন্তে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলেও দেশীয় বা স্থানীয় এজেন্টের ক্ষেত্রে দুদক কী ধরনের আইনগত ব্যবস্থা নেবে—প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, স্থানীয় এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেশীয় আইনে রয়েছে, দুদক আইনে নেই।