বিশ্বব্যাংক প্রতিনিধি ও কিছু পত্রিকাকে দুষলেন আবুল হোসেন
পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগ মন্ত্রিত্ব হারানো সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, তিনি এ ঘটনায় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বিশ্বব্যাংকের তৎকালীন বাংলাদেশীয় প্রধান এবং কিছু পত্রিকাকে এ জন্য দায়ী করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজ শনিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন আবুল হোসেন।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলায় কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে রায় দেন কানাডার টরন্টোর এক আদালত। তাই কানাডার মন্ট্রিলভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক তিন কর্মকর্তাকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
এই রায়ের পরই আবুল হোসেন তাঁর প্রতিক্রিয়া জানালেন।
আদালতের দেওয়া রায় প্রসঙ্গে আবুল হোসেন বলেন, ‘কানাডার আদালতের এই রায় প্রমাণ করে, পদ্মা সেতু নিয়ে আমাকে জড়িয়ে বিশ্বব্যাংক যে অভিযোগ করেছে, তা সর্বৈব মিথ্যা। বাংলাদেশে তৎকালীন বিশ্বব্যাংকের প্রতিনিধি গোল্ড স্টেইন এবং বাংলাদেশের কতিপয় পত্রিকার অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক যে কাল্পনিক অভিযোগ আমার বিরুদ্ধে করেছিল, তা শুধু মিথ্যা নয়, ষড়যন্ত্রমূলক।’
পদ্মা সেতু নির্মাণে তাঁর ও তাঁর পরিবারকে হেনস্তা করার অভিযোগও করেন আবুল হোসেন। তিনি বলেন, ‘এ ষড়যন্ত্রে পদ্মা সেতু নির্মাণের স্বার্থে আমাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। আমাকে জনগণের কাছে ছোট হতে হয়েছে।’
পদ্মা সেতুতে ঋণ বাতিল হয়ে যাওয়ার পর বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে চীনে তাঁর সাক্ষাতের ঘটনা তুলে ধরেন আবুল হোসেন। ওই প্রেসিডেন্টকে উদ্ধৃত করে আবুল হোসেন লেখেন, ‘তিনি তখন বলেছিলেন, আমি বুঝতে পারছি, পদ্মা সেতু ও আপনি ঘড়যন্ত্রের শিকার। বিশ্বব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশের গণমাধ্যম ও বিশিষ্ট কতিপয় লোকের কথায় প্রভাবিত হয়েছেন। এ জন্য আমি অনুতপ্ত।’
আবুল হোসেন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে বলে দাবি করে বিবৃতিতে বলেন, পরামর্শক নিয়োগে ৩৭ মিলিয়ন ডলারের দর প্রস্তাবের ৩৫ মিলিয়ন ডলার ঘুষ লেনদেনের অভিযোগ করা হয়েছে। টক শোতে এই বিষয় নিয়ে বিশিষ্টজনেরা রাতে ঘুম হারাম করে আলোচনায় অংশ নেন। তা ছিল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।’
আবুল হোসেন বিশ্বব্যাংকের তৎকালীন আইন উপদেষ্টা মোরেনো ওকাম্পোরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘ওকাম্পো যে আইনবিরোধী লম্ফঝম্ফ দেখালেন, সরকার-পদ্মা সেতু এবং আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করলেন, তা ষড়যন্ত্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।’