বিশ্বব্যাংক-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌশিক বসু
কৌশিক বসু

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির সফররত প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। সম্পর্কের নতুন মাত্রার নাম দিয়েছেন তিনি ‘অংশীদারত্ব’ (পার্টনারশিপ)।
রাজধানীর হেয়াররোডে আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একান্ত বৈঠক শেষে কৌশিক বসু সাংবাদিকদের এসব কথা বলেন।
কৌশিক বসু বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। এটাকে অংশীদারত্ব বলা যেতে পারে। আর নতুন বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক দৃঢ় হবে, আগের তুলনায় আরও বেশি। অংশীদারত্বের সম্পর্কের বিষয়ে ব্যাখ্যাও দেন তিনি। বলেন, ‘বাংলাদেশ এখন আর নিম্ন আয়ের দেশের কাতারে নেই। এ বছর নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। যেখানে ভারতবর্ষ এখনো নিম্ন মধ্যম আয়ের দেশ।’
অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনা প্রসঙ্গে বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ কয়েক বছরে অভাবনীয় উন্নতি করেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বিশ্বব্যাংকের হিসাবে চলতি অর্থবছর শেষে অর্জিত হবে ৬ দশমিক ৭ শতাংশ। তাঁর মতে, ‘আজকের পৃথিবীতে যেখানে চারদিকে প্রবৃদ্ধি নিম্নগামী, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের চিত্র সত্যিই উল্লেখ করার মতো।’
তবে এখানেই থেমে থাকলে চলবে না বলে মনে করেন কৌশিক বসু। তিনি বলেন, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ অর্জন করা সম্ভব এবং আগামী কয়েক বছরের মধ্যেই তা সম্ভব। এ জন্য জিডিপির তুলনায় বিনিয়োগের হার বাড়াতে হবে। এই হার ৩২, ৩৩ বা ৩৪ শতাংশে নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়াও অসম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, তিন বছরের একটা অভীষ্ট লক্ষ্য যদি ঠিক করা যায়, তাহলে বিনিয়োগকে ওই হারে নিয়ে গিয়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে। আর সেটা হলে যেসব দেশ প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে সামনের দিকে রয়েছে, সে বিবেচনায় বাংলাদেশও ৪ বা ৫ নম্বর অবস্থানে উন্নীত হবে।

বাংলাদেশের অর্থনীতির কোনো দুর্বল দিকই আপনার চোখে পড়ছে না?—এমন প্রশ্নের জবাবে কৌশিক বসু বলেন, ‘হ্যাঁ, দুর্বলতা অবশ্যই আছে। কিছু উন্নতি সত্ত্বেও এখনো পিছিয়ে রয়েছে অবকাঠামো খাত। কর-জিডিপি হারও অনেক কম।’

কৌশিক বসুর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রীও। তিনি বলেন, বিশ্বব্যাংককে আগে থেকেই আমরা অংশীদার মনে করি। এ কারণেই, পদ্মা সেতুতে অর্থায়ন প্রত্যাহারের পর সংস্থাটির সঙ্গে একটা ঝগড়া হলেও সম্পর্ক খারাপ হয়নি। অন্য প্রকল্প বাস্তবায়নে সরকারকে ওই অর্থ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক তাহলে ভবিষ্যতে আর কোনো খবরদারি করবে না?—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘খবরদারি অনেক আগেই বাদ হয়ে গেছে। এখন আছে বরং তাদের পরামর্শ (কনসালটেশন)।’

কৌশিক বসু যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বললেন, সে ব্যাপারে অর্থমন্ত্রীর মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। অর্থমন্ত্রী স্বীকার করে বলেন, ‘আমাদের একটাই দুর্বলতা, আর সেটা হচ্ছে দেশে সরকারি বিনিয়োগ কম।’ তবে এ অবস্থা কাটানোর চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন কবে জারি হবে-জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সব তৈরি হয়ে আছে। চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন হবে।’