বিশ্বব্যাংক ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বাংলাদেশকে
বাংলাদেশের তিনটি প্রকল্পের জন্য বিশ্বব্যাংক প্রায় ১১০ কোটি ডলারের সাহায্য অনুমোদন করেছে। আজ বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ৩ কোটি ৬০ লাখ মানুষ এর উপকার সহায়তা পাবে।
প্রকল্পগুলো হলো প্রাথমিক শিক্ষার মানের উন্নতি, উপকূলীয় জনগণের প্রাকৃতিক বিপর্যয় প্রতিরোধের সক্ষমতা বৃদ্ধি এবং অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি ও বুদ্ধিবৃত্তির বিকাশ।
এসব প্রকল্প সহায়তা প্রসঙ্গে সংস্থার ঢাকা কার্যালয়ের আবাসিক প্রধান জোহানেস জাট বলেন, ‘এই প্রকল্পগুলো দরিদ্র জনগণের জন্য সুযোগ সৃষ্টি করতে বিশ্বব্যাংকের যে প্রচেষ্টা, তাতে পরিপূরক হিসেবে কাজ করবে। প্রকল্পগুলো শিশুদের পুষ্টিমানের উন্নয়নের জন্য দরিদ্র মায়েদের নগদ প্রদান, শিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করবে ও উপকূলীয় এলাকায় বিদ্যালয় অবকাঠামো সৃষ্টি করবে।
জোহানেস জাট বলেন, ‘প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কার্যক্রমগুলো বাংলাদেশের দরিদ্রতম শিশুরাও যেন তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করবে। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য চলমান ৩০০ মিলিয়ন ডলারের বাইরে আরও ৪০০ মিলিয়ন ডলারের অর্থায়ন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার ৯৮ শতাংশ এবং প্রাথমিক শিক্ষা সমাপনের হার ৮০ শতাংশে উন্নীত করে প্রাথমিক শিক্ষা মানের অগ্রগতি অব্যাহত রাখা হবে। এ ছাড়া এ প্রকল্পের আওতায় মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ ও শূন্যপদ পূরণের নিশ্চয়তা বিধানে প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপরন্তু শিক্ষা বছরের প্রথম মাসেই ৯০ শতাংশ স্কুলে পাঠ্যবই বিতরণ নিশ্চিত হবে।
বহুমুখী আশ্রয়কেন্দ্র প্রকল্পের লক্ষ্য হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনগোষ্ঠীর ঝুঁকি প্রবণতা কমিয়ে আনা। প্রকল্পের আওতায় নয়টি উপকূলীয় জেলায় ৫৫২টি নতুন বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিদ্যমান ৪৫০টির সংস্কার ও উন্নয়ন এবং আশ্রয়কেন্দ্রে সহজে পৌঁছানোর জন্য সংযোগ সড়ক নির্মাণ ও যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত তিন দশকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি সত্ত্বেও অতিদরিদ্র জনগোষ্ঠীর বিশাল সংখ্যা উন্নয়নের জন্য বিরাট চ্যালেঞ্জ। দরিদ্রতম জনগোষ্ঠীর জন্য আয় সহায়তা কর্মসূচি প্রকল্প থেকে দেশের সবচেয়ে দরিদ্র ৪২টি উপজেলার ২৭ লাখ মানুষ উপকৃত হবে। প্রায় ছয় লাখ মা তাঁদের সন্তানদের পুষ্টি ও বুদ্ধি বিকাশ কর্মকাণ্ডে অংশগ্রহণের বিনিময়ে আয় সহায়তা লাভ করবেন।
স্মার্ট ক্যাশ কার্ড ব্যবহারকারী মায়েদের ডাকঘর হিসাবে মাসিক অর্থ নগদ দেওয়া হবে। বিশ্বব্যাংকের এ প্রকল্পের টাস্ক টিম লিডার ইফফাত শরিফ বলেন,‘জন্মের আগে এবং জন্মের পর প্রথম দুই বছর পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা হলে তা শিশুর মস্তিষ্ক বিকাশ ও স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুর বেড়ে ওঠা ও বুদ্ধি বিকাশে সহায়তা তার পরবর্তী জীবনে আয় উপার্জনের ক্ষমতা বাড়াতে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে দারিদ্র্যের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ) থেকে পাওয়া সুদমুক্ত এই ঋণের মেয়াদ ৬ বছরের রেয়াতসহ ৩৮ বছর এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ প্রযোজ্য।