বিশ্বব্যাংকের আরও সময় নেওয়া উচিত ছিল: গোলাম রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদন সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিবদন স্বতঃসিদ্ধ নয়। বিশ্বব্যাংকের উচিত ছিল আরও কিছুটা সময় নিয়ে প্রতিবেদন জমা দেওয়া।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয় ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৩ জুন দুদকের চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ শেষ হবে। এ উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

গোলাম রহমান বলেন, বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে সব সময়ই একজন ব্যক্তির (সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন) নাম বলেছে। তাঁকে এজাহারভুক্ত আসামি করার জন্য চাপ দিয়েছে। কিন্তু দুদকের করা এফআইআরে এ নামটি সন্দেহভাজন তালিকায় রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন,  কাউকে আসামি করতে হলে যথেষ্ট তথ্য-প্রমাণ দরকার। কিন্তু দুদকের অনুসন্ধানে যে ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের কেউ ওই ভদ্রলোকের নাম বলেননি।

দুদকের চেয়ারম্যান আরও বলেন, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমানকে সরিয়ে দেওয়ার জন্য বিশ্বব্যাংক চাপ দিয়েছিল। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে মশিউর রহমানের নাম নেই।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত এখনো চলছে। তাই বিশ্বব্যাংকের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে আরও সময় নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন গোলাম রহমান।

গতকাল মঙ্গলবার পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক তাঁদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিশ্বব্যাংকের মূল আপত্তি কেবল একটি মানুষ নিয়ে। সংস্থাটি বলেছে, পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মামলায় অন্তর্ভুক্ত করেনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আটজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, বাদ পড়েছেন একমাত্র সৈয়দ আবুল হোসেন।

বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এ অবস্থায় বলেছে, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে করা দুদকের তদন্ত সম্পূর্ণ ও সঠিক হয়নি।

এর আগে এ নিয়ে সরকার ও দুদকের সঙ্গে চিঠি চালাচালি হলেও বিশ্বব্যাংক এই প্রথম পদ্মা সেতু নিয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করল।

চূড়ান্ত প্রতিবেদনে সরকারের কার্যক্রম নিয়েও মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে পদ্মা সেতু নিয়ে ঋণচুক্তি হওয়ার পর ২০১১ সালের সেপ্টেম্বরে এবং ২০১২ সালের এপ্রিলে দুবার বাংলাদেশকে চিঠি দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। চুক্তি বাতিল না করে পদক্ষেপ গ্রহণের আহ্বানের মাধ্যমে বাংলাদেশকে যথেষ্ট সময়ও দেওয়া হয়েছিল। এরপর সরকার মন্ত্রিসভায় রদবদল করলেও দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্বব্যাংক আরও বলেছে, পদ্মা সেতুর অর্থায়ন পুনরায় চালু করার বিষয়ে চারটি বিষয়ে সমঝোতা হলেও সরকার শেষ পর্যন্ত তা মানেনি। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কেননা, সরকার সমঝোতা অনুযায়ী সম্পূর্ণ ও সঠিক তদন্ত করেনি।