বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সব শঙ্কা ও উৎকণ্ঠা নিরসনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।গোলাম রহমান বলেন, বিশেষজ্ঞ দল ও দুদকের উদ্দেশ্য এক ও অভিন্ন। উভয়ের লক্ষ্য পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রকারীদের আইনের মুখোমুখি করা।গত মঙ্গলবার বিশ্বব্যাংক প্যানেলের পাঠানো বিবৃতির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘দুদককে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল কিছু প্রশ্ন করেছে। ওরা চায় সুষ্ঠু তদন্ত হোক, আমরাও তা চাই। তাদের দেশে দুর্নীতির ষড়যন্ত্রের সন্দেহ করলেও আসামি করা যায়। আমাদের দেশে সীমাবদ্ধতা রয়েছে। আমরা কেবল গ্রহণযোগ্য প্রমাণ পেলেই আসামি করতে পারি, অন্যথায় নয়।’সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অভিযোগপত্রে আসামি করা হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তে যাঁদের নাম পাওয়া যাবে, তাঁরাই আসামি হবেন। গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলা যায় না।’ এ সময় তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন বিষয়ে কানাডার সঙ্গেও যোগাযোগ চলছে।প্রসঙ্গত, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে এই মামলায় আসামি করা হয়নি। তবে এজাহারে বলা হয়েছে, এই দুজনের সংশ্লিষ্টতা তদন্তে খতিয়ে দেখা হবে।