বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল জাতির জন্য কলঙ্কজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করার ঘটনাকে জাতির জন্য কলঙ্কজনক বলেছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কথা বলেন।বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের ফলে পদ্মা সেতুর নির্মাণকাজ এখন অনিশ্চিত হয়ে গেল। বাংলাদেশের অর্থনীতিতে এই ‘লুটপাটের ঘটনায়’ বিশ্বব্যাংকের সিদ্ধান্ত সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।জামায়াতের নেতা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সর্বক্ষেত্রে লুটপাট ও দুর্নীতি ব্যাপক রূপ লাভ করেছে। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মাণকাজ শুরুর আগেই দুর্নীতিতে জড়িয়ে পড়ে সরকার। সরকারের উচিত ছিল সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু তা না করে সরকার শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছে। সরকারের দুর্নীতি, লুটপাট ও বিভিন্ন অপকর্ম থেকে জাতিকে উদ্ধার করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।