বিশ্বব্যাংকের কঠোর সমালোচনায় পরিকল্পনামন্ত্রী

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে বিশ্বব্যাংকের কঠোর সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এই সমালোচনা করেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই সভা হয়।
বিশ্বব্যাংক সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, তারা নিজেরাই নিজেদের প্রতিবেদন বিশ্বাস করে না। তারা নানা সময়ে নানা মত দেয়। তাদের প্রতিবেদন সারা বিশ্বের কেউ বিশ্বাস করে কি না, তা তাঁর জানা নেই।
মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক আগে বলেছিল। পরে আবার বলল, ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে।
মন্ত্রী জানান, এর আগেও বিশ্বব্যাংক এমন কম প্রবৃদ্ধির কথা বলেছিল। পরে তারা সরকারের হিসাবই মেনে নিয়েছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সাময়িক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশ হবে। প্রকৃত হিসাবে এটা আরও বাড়বে।
আজ একনেকের সভায় ৩ হাজার ৮৮৪ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন:
জিডিপি প্রবৃদ্ধি এবার ৭ শতাংশের বেশি