বিদায় সংবর্ধনায় পদ্মা সেতু নিয়ে দুদকের চেয়ারম্যান
বিশ্বব্যাংকের চাপে প্রমাণ ছাড়াই দুর্নীতি মামলা করা হয়
২০১২ সালে বিশ্বব্যাংকের চাপের মুখে কোনো দালিলিক তথ্যপ্রমাণ ছাড়া পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামান বিদায় সংবর্ধনায় এ দাবি করেন।
গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে দুদকের বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিনের সম্মানে সংবর্ধনার আয়োজন করে সংস্থাটি।
মো. বদিউজ্জামান বলেন, ‘পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে আমরা (দুদক) যে এজাহারটি করেছি, তাতে মামলা করার মতো কোনো উপাদান ছিল না। আসলে এটা ঠিক হয়নি।’
অবশ্য এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। ‘মূলত দেশের স্বার্থেই মামলা করেছি’ মন্তব্য করে বদিউজ্জামান বলেন, ‘তবে মামলাটি করেছি যেন বাংলাদেশ পদ্মা সেতুতে অর্থছাড় পায়।’ পরবর্তী সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মামলা-পরবর্তী তদন্তে আমরাই তুলে ধরেছি এ দুর্নীতির অভিযোগটি মিথ্যা।’
বিদায়ী কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন বলেন, ‘দুর্নীতিবাজদের মনে একটু হলেও ভীতির সঞ্চার করতে পেরেছি। অনেক দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি।’
দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার মহাপরিচালক জিয়া উদ্দিন, পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: বার্তা সংস্থা বাসস জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিদায়ী চেয়ারম্যান বদিউজ্জামান ও কমিশনার সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠককালে চেয়ারম্যান ও কমিশনার দুদকের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং তাদের দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবদুল হামিদ বলেন, দুর্নীতি একটি দেশের আর্থসামাজিক অগ্রগতিতে প্রধান অন্তরায়। তিনি জনসাধারণকে সচেতন করে তোলা ও দুর্নীতি পরীক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
নতুন চেয়ারম্যান যোগ দিচ্ছেন আজ: দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম আজ সোমবার নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে দুদকে নিয়োগ দেয় সরকার।