বিশ্বব্যাংকের জলবায়ু অর্থায়নের ঘোষণায় টিআইবির উদ্বেগ
আগামী তিন বছরে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে ২০০ কোটি ডলার দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাংকের ঋণ কার্যক্রম সম্প্রসারণের ঘোষণায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বিশ্বব্যাংক বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ‘দরিদ্র ও চরমভাবে ক্ষতিগ্রস্ত’ জনগণের পাশে থাকাকে ঋণ ব্যবসা সম্প্রসারণের সুযোগ হিসেবে বিবেচনা করছে, যা অগ্রহণযোগ্য।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তাঁর সাম্প্রতিক ঢাকা সফরকালে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতাকে গুরুত্বারোপ করায় তাঁকে স্বাগত জানান টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, যদি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশ্বব্যাংকের প্রকৃত অভিপ্রায় থাকে, তাহলে বাংলাদেশের ওপর অধিকতর ঋণের ভার ও বোঝা চাপানো থেকে বিশ্বব্যাংককে বিরত থাকতে হবে।