বিশ্বব্যাংকের নতুন প্রধানের নাম ঘোষণা ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ জিম ইয়ং কিমকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন। এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচআইভি/এইডস বিভাগের সাবেক প্রধান কিমের (৫২) মনোনয়ন চমক সৃষ্টি করেছে।১৯৪৪ সালে প্রতিষ্ঠার পর থেকে মার্কিন নাগরিকেরা বিশ্বব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছেন। তবে উন্নয়নশীল দেশগুলো বলছে, পরিবর্তনের সময় এসেছে।বিবৃতিতে কিমের মনোনয়নের কথা ঘোষণা করে ওবামা এ ক্ষেত্রে তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থার নেতৃত্ব দেওয়ার সময় এসেছে একজন অভিজ্ঞ পেশাজীবীর। তিনি বলেন, কিমের সত্যিকারের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে।নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠিতে কিম জানান, বিশ্বে এখন যেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দারিদ্র্যের বিরুদ্ধে লড়ছে এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা দিচ্ছে, এর মধ্যে এটি একটি।বারাক ওবামা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে যাঁদের নাম বিবেচনা করছেন বলে গুঞ্জন ওঠে, কিমের নাম তাঁদের মধ্যে ছিল না। কিমের জন্ম সিউলে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বিবিসি।