অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের নতুন করে দেওয়া বিবৃতি পদ্মা সেতু প্রকল্পের অর্থায়নে কোনো প্রভাব ফেলবে না। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি এখনো প্রমাণিত হয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার এখন আরও বেশি সতর্ক থাকবে। গতকাল বুধবার বিশ্বব্যাংকের নতুন একটি বিবৃতি প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেন সিলেট জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংককে রাজি করানোয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘দেশের সফল অর্থমন্ত্রী’ উল্লেখ করেন নেতা-কর্মীরা। সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ১ অক্টোবর বিশ্বব্যাংকের প্রতিনিধিদল দেশে আসছে। তাদের সঙ্গে আলোচনা করে কাজের সময়সূচি (শিডিউল) ঠিক করব। আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যে বড় বড় চুক্তি (কনট্রাক্ট) সেরে ফেলতে। তা হলে আমাদের সময়ে পদ্মা সেতুর কাজ শুরু করতে পারব।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু একটি বড় প্রকল্প এবং জটিল কাজ। এই সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোকে রাজি করানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বড় একটি কৃতিত্ব। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ত্রুটিপূর্ণ ও দুর্নীতিমুক্ত সেতু নির্মাণ এখন আমাদের প্রধান লক্ষ্য।’সংবর্ধনা শেষে বিমানবন্দর থেকে অর্থমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও পরে হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।