বিশ্বব্যাংকের প্রকল্পের মূল্যায়নে স্বাধীন কমিশন গঠন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের ঋণে চলা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের কতটা উন্নয়ন বা অনুন্নয়ন হয়েছে, তার তথ্য-উপাত্ত প্রকাশ করার দাবি উঠেছে। গতকাল শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি করেছেন। তাঁরা বিশ্বব্যাংকের বর্তমান প্রকল্পগুলো মূল্যায়নের জন্য একটি স্বাধীন কমিশন গঠনেরও দাবি জানান।রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে ‘পদ্মা ঋণ চুক্তি, বিশ্বব্যাংকের রোডম্যাপ ও জাতীয় সক্ষমতার প্রশ্ন’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। আনু মুহাম্মদ বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচনের নামে এ দেশের অর্থনীতির ওপর নিজেদের দখল নিশ্চিত করছে। ঢাকার জন্য তারা বিভিন্ন প্রকল্পের শর্ত ও আর্থিক দিক গোপন রাখে। প্রকল্প ও চুক্তির পক্ষে সরকারকে প্রভাবিত করার জন্য তারা মন্ত্রী-আমলাদের বিদেশে সফর, পরামর্শক হওয়ার সুযোগ ও অবসরের পর উচ্চ বেতনে চাকরির সুযোগ দিয়ে ঘুষ ও দুর্নীতির বিকাশ ঘটায়। দুর্নীতির টাকা থেকে তাদের ব্যয় বহন করা হয় বলে দেশের ঋণের বোঝা আরও বেড়ে যায়। বিশ্বব্যাংক এ দেশীয় প্রতিষ্ঠানকে দুর্বল, পঙ্গু ও বিলুপ্ত করার মাধ্যমে জাতীয় সক্ষমতাকে বিনাশ করে চলেছে বলে মনে করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, তাদের পরামর্শেই আদমজী পাটকল, চট্টগ্রাম স্টিল মিল, রেলওয়ে, বিএডিসি, পিডিবি, পেট্রোবাংলা, বাপেক্স, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলুপ্ত বা দুর্বল হয়ে পড়েছে। গ্যাস খাতে অংশীদারি চুক্তি ও বিদ্যুৎ খাতে বিদেশি কোম্পানির মালিকানাকে উৎসাহিত করে বৈদেশিক মুদ্রার ওপর চাপ ফেলা হচ্ছে। সেই অজুহাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং গ্যাস ও কয়লা রপ্তানির জন্য চাপ সৃষ্টি করছে। আনু মুহাম্মদ বলেন, বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির রোডম্যাপে চললে কখনো জাতীয় সক্ষমতা অর্জন সম্ভব নয়। তাঁর মতে, পাটশিল্প, তেল-গ্যাস-কয়লা ও খনিজসম্পদ নিজেদের কর্তৃত্বে থাকলে এ দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে। সে জন্য প্রথম শর্ত হলো দাতা সংস্থাগুলোকে প্রত্যাখ্যান করার শক্তি অর্জন করা। আরও বক্তব্য দেন অধ্যাপক এম এম আকাশ, বিনায়ক সেন, সহিদুল্লাহ চৌধুরী প্রমুখ। পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বক্তব্যকে বিরোধপূর্ণ আখ্যায়িত করে বক্তারা বলেন, পদ্মা নিয়ে চাঁদাবাজি করা যাবে না। এটি নির্মাণে প্রবাসীদের উদ্বুদ্ধ করে তাদের জন্য বন্ড ছাড়া যেতে পারে। তার আগে পদ্মা সেতু কর্তৃপক্ষ গঠন করতে হবে। অর্থনীতির বিকাশের জন্য প্রয়োজনে ঋণ নেওয়া হবে। কিন্তু জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ঋণদানকারীদের শর্ত মেনে নেওয়া হবে না।