বিশ্বব্যাংকের মনোভাব দুর্নীতি প্রতিরোধে সহায়ক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংক যা বলে তা অগ্রহণযোগ্য। তাদের জবাবদিহি নেই। বিশ্বব্যাংকের ইন্টিগ্রিটি সেকশন জিহাদি মনোভাব নিয়ে কাজ করে। এভাবে কাজ করা উচিত নয়। এটা দুর্নীতি প্রতিরোধে সহায়ক নয়।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুর্নীতি প্রতিরোধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহারবিষয়ক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন। ‘রোল অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন কমব্যাটিং করাপশন’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা যৌথভাবে আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি, ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত প্রকল্প ‘প্রগতি’ ও বেসরকারি সংস্থা এমআরডিআই। অর্থমন্ত্রী বলেন, দেশে দুর্নীতির বিচার হওয়ার ঘটনা খুবই কম। এর অন্যতম কারণ, সাক্ষীর অভাব। শেয়ারবাজারের ঘটনায় সাক্ষী পাওয়া যায়নি। একসময় গ্রাম-মহল্লায় চোর-ডাকাতের বিরুদ্ধে জনসমক্ষে বিচার হতো। এ বিষয়ে কারও কাছে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও সবাই জানত, কে ডাকাত কে চোর। জনসমক্ষে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়া হতো। তিনি বলেন, দুর্নীতি দমনে এ ধরনের পদ্ধতি দরকার। অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন দেশের মতো কালোটাকা বাংলাদেশের জন্য বড় সমস্যা। এই বাস্তবতা মেনে আমাদের কাজ করতে হবে।’ দুর্নীতি প্রতিরোধে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, অনলাইন পেমেন্ট দুর্নীতি অনেক কমিয়ে আনতে পারে। অনুষ্ঠানের সভাপতি ও দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানকারীদের দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নিয়োগ-পদোন্নতিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব। ইতিমধ্যে এর প্রমাণ মিলেছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রায় তিন ঘণ্টার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারি সংস্থা ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার দুর্নীতিমুক্ত সমাজ গড়ায় সহায়ক হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেন, একটি আইনি কাঠামো থাকতে হবে, যার মাধ্যমে দুর্নীতি রোধে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করা যায়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি প্রতিরোধের জন্য জনগণের ক্ষমতায়ন খুবই জরুরি। তথ্য দিয়েই এই ক্ষমতায়ন নিশ্চিত করা যায়।’ তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, ‘তথ্য আদান-প্রদানের পথ সুগম করতে না পারলে তথ্যপ্রযুক্তির ব্যবহার কার্যকর হবে না। তথ্য দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’ মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ছোট চুরি ধরে বড় চুরি ছেড়ে দিলে দুর্নীতি কমবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ হাসানুল হক ইনু ও কে এম খালেদ, মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া, ইউএসএআইডি-প্রগতির মিশন ডিরেক্টর রিচার্ড গ্রিন, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগসচিব নজরুল ইসলাম খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।